Published : 09 Jul 2026, 07:17 AM
আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই শুভেচ্ছাবার্তায় দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী কয়েক দশকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। গতকাল শনিবার ট্রাম্পকে প্রেরিত এই বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকান জনগণকে আন্তরিক অভিনন্দন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আমেরিকার এই ২৫০ বছরের উদযাপন কেবল দেশটির জন্যই নয়, সমগ্র বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
এই উদযাপনের মাধ্যমে আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ এবং বিশ্বের প্রতি আমেরিকার অবদান নতুন করে সামনে এসেছে। গত পাঁচ দশকে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় এক গুরুত্বপূর্ণ বন্ধু ও সহযোগী। বর্তমান সময়ে আমরা সম্পর্কের এক নতুন দিগন্তে প্রবেশ করেছি। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন ও উদারতার জন্য বাংলাদেশ গভীরভাবে কৃতজ্ঞ। শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আরও আশ্বাস দেন যে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর ও শক্তিশালী করতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাবে। সবশেষে, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।।
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধানের হাতে ন্যস্ত করল বিএনপি